সময়ের পরিক্রমায় টিম বাংলাদেশ যথেষ্ট পরিণত হয়েছে। জন্ম দিয়েছে বিশ্ব সেরাদের, কাঁপন ধরিয়েছে ক্রিকেট পরাশক্তিধর দের বুকেও। এবার বাংলাদেশ দলের সামনে কঠিন এক পরীক্ষা। আর সেই পরীক্ষা উতরাতে হলে বাংলাদেশকে হারাতে হবে বিশ্ব ক্রিকেটের পরাশক্তি ও সবচেয়ে বেশিবারের বিশ্ব-চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। শক্তিমত্তার দিক থেকে বাংলাদেশের চেয়েও অস্ট্রেলিয়া আছে এগিয়ে।
তবে বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিমের বিশ্বাস, টেস্টে অস্ট্রেলিয়াকে হারানো অসম্ভব কিছু নয় তার দলের জন্য।
সম্প্রতি সাংবাদিকদের সাথে আলাপকালে মুশফিক বলেন, ‘আমরা ইংল্যান্ডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব কিনা সেটা নিয়ে ছিল সংশয়। কারণ, এর আগে ৫দিন যে ভালমতো লড়াই করা সেটাও কিন্তু পারিনি। কিন্তু গত দুই বছরে আমাদের দলে যোগ্য কিছু খেলোয়াড় এসেছে যারা এখন স্বপ্ন দেখায় যে কোন দলের বিরুদ্ধে টেস্ট জেতার। তো আমি মনে করি এই কন্ডিশনে যদি আমরা ইংল্যান্ডের মতোই নিজেদের মেলে ধরতে পারি এবং ঘরের সুবিধাটা নিতে পারি তাহলে অস্ট্রেলিয়াকে হারানো অসম্ভব কিছু নয়। সেটার জন্যই আমরা প্রস্তুতি নিচ্ছি। আর মূল ব্যাপার হচ্ছে আমরা যদি আমাদের সেরাটা খেলতে পারি যে কোন দলকেই হারাতে পারি। বাংলাদেশ দলের সেই সামর্থ্যটা আছে।’
প্রসঙ্গত, সবদিক ঠিকঠাক থাকলে ১৮ আগস্ট ঢাকা পা রাখবেন স্মিথরা। ২৭ আগস্ট ঢাকায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট শুরু হবে চট্টগ্রামে, সেপ্টেম্বরের ৪ তারিখে। ওই দুটো টেস্টের আগে ফতুল্লায় একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচও খেলবে অজিরা।
স/এষ্

