অভিনেত্রী ভাবনার এবারের জন্মদিনটা অন্যরকম আনন্দের। নিজের অভিনীত সিনেমা নিয়ে পর্দায় হাজির হচ্ছেন। তার আগের দিন সবার শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন। আগামীকাল শুক্রবার (৪ আগস্ট) সারাদেশে মুক্তি পাবে কলকাতার পরমব্রত ও ঢাকার ভাবনা অভিনীত চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর। এদিকে আজ ৩ আগস্ট ভাবনার জন্মদিন। ফলে ভীষণ আনন্দে আছেন এই অভিনেত্রী।
ছবিটির প্রচারণায় এখন ঢাকায় রয়েছেন কলকাতার পরমব্রত। সহশিল্পীকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। এছাড়া শোবিজ তারকাদের পাশাপাশি অনেক ভক্তরাও সোস্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন প্রিয় অভিনেত্রীকে।
অভিনেত্রী শাহানাজ খুশি ফেসবুকে লিখেন, ‘আজ সুন্দর এবং ভয়ংকর সুন্দরের জন্মদিন। একই সাথে একটা ভয়ংকর সাফল্যর জন্য অপেক্ষা করছি। ভাবনা আর ভয়ংকর সুন্দর প্রত্যাশার চেয়েও বেশী সুন্দর ছড়িয়ে দিক সারাদেশে। শুভ জন্মদিন ভাবনা। আর ভয়ংকর সুন্দর শুভকামনা অনিমেষ।’
‘ভয়ংকর সুন্দর’ ছবির প্রিমিয়ার শো আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকেই উপস্থিত থাকবেন।
স/মা

