চিত্রনায়ক শাকিব ও চিত্রনায়িকা অপুর অপেক্ষায় অনেকদিন ধরে আটকে আছে ‘লাভ ২০১৬’ ছবির শুটিং। ছবিটির শুটিং একেবারেই শেষের দিকে। শাকিব-অপু যদি মাত্র ৩টা দিন সময় দিতেন তাহলে ছবির শুটিং শেষ করা যেত।’
ছবির নির্মাতা জি সরকার পরিচালক বলেন, তিনটি গানের মধ্যে দুইটি গানের শুটিং হয়ে গেছে। আর মাত্র একটি গানের শুটিং ও দুইটি সিকোয়েন্স বাকি আছে। অপেক্ষায় আছি কবে শাকিব-অপু সিডিউল দেবেন।
ছবির ৩ দিনের সিডিউলের সময় চেয়ে নির্মাতা জি সরকার সোমবার গাজীপুরের সখীপুরে শাকিবের সঙ্গে সাক্ষাত করেন। সেসময় শাকিব আশ্বাস দেন তিনি সময় দেবেন। কিন্তু শুধু শাকিব সময় দিলে হবে না, প্রয়োজন অপু বিশ্বাসকেও।
জি সরকার বলেন, ‘অপু বিশ্বাস শুনেছি এখন দেশে আছেন। আমি অনেকবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তাকে পাইনি।’
তিনি আরো বলেন, ‘আগামী ১৬ মার্চ থেকে শাকিব কলকাতায় তার নতুন ছবির শুটিংয়ে যাবেন। আমি চাচ্ছিলাম যদি এর আগে আমার ছবিটির জন্য সিডিউল দিতেন তবে ছবিটার শুটিং শেষ করে ফেলতে পারতাম।’
তবে শাকিব আশ্বস্ত করলেও আদৌ শুটিং করবেন কিনা এ নিয়ে সন্দিহান এই নির্মাতা। যদি শাকিব সিডিউল না দেন, তবে কী করবেন? জি সরকার বলেন, ‘কি আর করব! যেভাবে আছে এভাবেই ছবির শুটিং শেষ করে মুক্তি দিতে হবে।’
মেঘনা কথাচিত্রের প্রযোজনায় এই ছবির নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালে। তখন নাম ছিল ‘লাভ ২০১৪’; এরপর নাম পরিবর্তন করে রাখা হয় ‘লাভ ২০১৫’। সেই বছরেও দুজনকে একসঙ্গে পাননি পরিচালক। তাই ২০১৬ সালে এসে আবারো ছবির নাম রাখেন ‘ভালোবাসা ২০১৬’। চলতি বছরে মুক্তির আগে ছবিটির আবার নাম পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন নির্মাতা জি সরকার। এবার হবে ‘ভালোবাসা ২০১৭’।
স/শা

