দেশসেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নেত্রকোনার কৃতি সন্তান রফিকুল ইসলাম
পিয়াস আহমদ: নেত্রকোনা জেলা প্রতিনিধি ।। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর জাতীয় পর্যায়ের ফলাফলে দেশসেরা পিটিআই সুপারিনটেনডেন্ট মনোনীত হয়েছেন নেত্রকোনার কৃতি সন্তান মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার।
তিঁনি বর্তমানে টাঙ্গাইল পিটিআই সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত রয়েছেন। বুধবার (৭ মে) প্রকাশিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ফরিদ আহাম্মদ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও পদক বাছাই কমিটির সদস্য সচিব আবু নূর মোঃ শামসুজ্জামান স্বাক্ষরিত পত্রে মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদারের জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
১০ মে ২০২৫ (শনিবার) জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে শিক্ষা পদক প্রদান করা হবে বলে কথা রয়েছে।
মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার ২০০৬ সালে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে হবিগঞ্জ পিটিআইতে প্রথম সুপারিনটেনডেন্ট পদে যোগদান করেন। এরপর জনস্বার্থে সরকারি আদেশে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে বিশেষজ্ঞ পদে পদায়ন হন। সেখানে ০১ (এক) বছর বিভিন্ন প্রশিক্ষণ পরিচালনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অর্পিত দায়িত্ব সফলতার সাথে পালন করেন।
২০০৮ সালে জনস্বার্থে আবারও বদলি জনিত পদায়ন হন কক্সবাজার পিটিআইতে। সেখানে প্রায় ০৪ (চার) বছর অত্যন্ত দক্ষতার সাথে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন কাজ করেন। ২০১২ সালে চট্টগ্রাম পিটিআইতে বদলি পূর্বক পদায়ন হন। তিঁনি ২০১৭ সালে মালয়েশিয়াতে এডুকেশন ম্যানেজমেন্টের উপর প্রশিক্ষণে অংশগ্রহণ করেন এবং দক্ষতার সাথে তা সম্পন্ন করেন। এ সময় একই সাথে জনস্বার্থে চট্টগ্রাম পিটিআইয়ের পাশাপাশি খাগড়াছড়ি পিটিআইয়ের অতিরিক্ত দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে ২০১৮ সালের জানুয়ারি মাসে জনস্বার্থে পটিয়া পিটিআই এ যোগদান করেন এবং সুষ্ঠুভাবে প্রাথমিক শিক্ষা পরিবারের উন্নতিকল্পে একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করেন। পটিয়া পিটিআইতে কর্মরত অবস্থায় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হয়ে ২০১৮ সালে বাংলাদেশ সরকারের অর্থায়নে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বল্টন হতে এডুকেশন ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।
দেশে ফিরে পটিয়া পিটিআইতে যোগদান করে আবারও জনস্বার্থে বদলি হয়ে গাজীপুর জেলার জয়দেবপুর পিটিআইয়ে যোগদান করেন। গাজীপুর পিটিআইতে সুপারিনটেনডেন্ট পদে বেশ সুনামরে সহিত দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্ম করেন। মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদানের পূর্বে রাজধানীর লালবাগ স্কুল এন্ড কলেজে সিনিয়র শিক্ষক হিসেবে ০৫(পাঁচ) বছর শিক্ষকতা করেছেন।
মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার তারাচাঁপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মুহাম্মদ আব্দুস সামাদ তালুকদার এবং মাতা আনোয়ারা বেগমের ৮ ছেলে ও ১ কন্যার মধ্যে তিনি ৬ষ্ঠ সন্তান। ২০০৬ সালে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মোসফেকা বিনতে সুলতান এঁর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার। তাঁদের দাম্পত্যে ০২ (দুই) টি মেয়ে সন্তান রয়েছে। মোসফেকা বিনতে সুলতান বর্তমানে গাজীপুরের জয়দেবপুর পিটিআই সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ প্রসঙ্গে সুপারিনটেনডেন্ট মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার জানান, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সুপারিনটেনডেন্ট হিসেবে নির্বাচিত হওয়াটা আমার জন্য এক বিশাল সম্মানের বিষয়। এই অর্জন শুধুমাত্র আমার একার নয়, এই অর্জন আমার সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের পরিশ্রম, ভালোবাসা ও সহযোগিতার ফল।
আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ সেই সকল মহৎপ্রাণের প্রতি, যাঁরা আমাকে সবসময় উৎসাহিত করেছেন, পাশে ছিলেন এবং আমার উপর আস্থা রেখেছেন। এই স্বীকৃতি আমার দায়িত্ববোধকে আরও দৃঢ় করবে এবং আগামীতেও নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করার অনুপ্রেরণা জোগাবে। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।
স/এষ্

